যশোরের মনিরামপুর উপজেলায় স্কুলপড়ুয়া নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার রোহিতা ইউনিয়নের সরনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হোসেন (রাজমিস্ত্রি) ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে।
নিহতের স্ত্রী রেশমা খাতুন মনিরামপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হোসাইন নামে একজনকে গ্রেপ্তার করেছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত এনামুল হোসেনের নাতনি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করত। প্রতিবেশী মফিজুর রহমানের ছেলে রাব্বি হোসেন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়।
পরিবারের অভিযোগ, সোমবার রাত ৯টার দিকে সরনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এনামুল হোসেনের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ১০-১১ জনের একটি দল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, মামলার প্রধান আসামি রাব্বিসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।




Comments