Image description

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিল চলাকালে এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর সূত্রাপুরের বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশ-এর লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই। তার দাবি, নির্মাণাধীন ভবনের নিচে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।