চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক ইব্রাহিম খোকন এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা এই কর্মবিরতি চলবে।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন বলেন, “বন্দর শ্রমিকরা দেশি সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সংবাদ সম্মেলনে বিডা (BIDA) চেয়ারম্যান ও বন্দর চেয়ারম্যানের অপসারণও দাবি করা হয়। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, এই দাবির পক্ষে সোমবারও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এতে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্থবির হয়ে পড়েছে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী যান চলাচল। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) একই দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্দরের প্রবেশপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের নেতা-কর্মীরা আগামীকাল নগরীর এক্সেস রোড ও টোল প্লাজা এলাকায় অবস্থান নেবেন বলে জানানো হয়েছে।
টানা এই আন্দোলন ও কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরে বড় ধরনের পণ্যজট ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments