দেশের সোনার বাজারে অস্থিরতা কাটছেই না। আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় বাজারেও। এমন পরিস্থিতিতে সোমবার দুবার দাম কমানোর পর মঙ্গলবার আবার সকাল ও বিকেলে দুদফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯০৬ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। আজ সকালে এই দাম ছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা এবং গতকাল বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। সে হিসাবে আজ একদিনেই দুদফা বাড়িয়ে মোট ১৬ হাজার ৩৩০ টাকা দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে রোববার স্বর্ণের লেনদেন বন্ধ থাকলেও সোমবার বাজার চালু হতেই বড় দরপতন দেখা যায়। মঙ্গলবারও মূল্য হ্রাসের মধ্যেই লেনদেন চলছে। গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৯০০ ডলার, যা সকালে ছিল ৪ হাজার ৮০৩ ডলার। এর আগে শুক্রবার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলারে।
দেশীয় বাজারে নতুন দামের তালিকা অনুযায়ী—
২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা,
২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা,
১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা
এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম ব্যাপকভাবে বাড়ায় দেশের বাজারেও রেকর্ড মূল্যবৃদ্ধি দেখা যায়। বৃহস্পতিবার সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার সকালে ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, ফলে দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়।
মানবকণ্ঠ/আরআই




Comments