আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে ব্যাংকের অফিস কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় গ্রাহক লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর পুনরায় আগের সময়সূচিতে (লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং অফিস সন্ধ্যা ৬টা পর্যন্ত) ফিরে যাবে ব্যাংকগুলো।
এদিকে, একই দিনে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তফসিলি ব্যাংকগুলোর তালিকায় থাকা ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ (Standard Islami Bank PLC.) করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এই তথ্য নিশ্চিত করেছে।
ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে দেশের সব নথিপত্রে ব্যাংকটি নতুন নামে পরিচিত হবে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ক্ষমতাবলে এই নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে ২০২৩ সালে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ থেকে নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছিল। এবার পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হিসেবে এর নামকরণ সম্পন্ন হলো।
এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments