Image description

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় তারা ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। এতে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

এর আগে ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার, যা বিপিএম–৬ হিসাবে ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। সর্বশেষ হিসাবে তা বেড়ে ৩৪ দশমিক ৫৩ বিলিয়নে পৌঁছেছে।

নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ডলার এবং ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার। এর আগের তিন মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

ব্যাংকারদের মতে, সাধারণত দুই ঈদের আগে রেমিট্যান্স বাড়ে। তবে নির্বাচন ঘিরেও গত দুই মাসে প্রবাসী আয় বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। যেসব দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা বেশি, সেসব দেশ থেকেই মূলত রেমিট্যান্স প্রবাহ বেশি আসে।

মানবকণ্ঠ/আরআই