Image description

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২.৪ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের (বিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট ২ হাজার ৭৯২ মিলিয়ন (২৭৯ কোটি ২০ লাখ) মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ২৮১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২২ হাজার ২২৫ মিলিয়ন (২২.২২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ২৪২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রয়েছে।

অন্যদিকে, রেমিট্যান্স প্রবাহে এমন উল্লম্ফন দেখা গেলেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে (জিডিপি) কিছুটা নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। সরকারি তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশে। এর আগের দুই অর্থবছর—২০২৩-২৪ এবং ২০২২-২৩-এ এই প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৪.২২ শতাংশ এবং ৫.৭৮ শতাংশ।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসী আয়ের এই সুবাতাস বইছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবকণ্ঠ/ডিআর