Image description

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে গ্রস বা মোট রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে প্রকৃত রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত দেশে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র দুদিনের ব্যবধানে রিজার্ভে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

রিজার্ভ বাড়ার প্রধান কারণ হিসেবে টানা তিন মাস রেমিট্যান্সের উচ্চ প্রবাহকে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড ৩০২ কোটি ১০ লাখ (৩.০২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার কোটি টাকারও বেশি। এটি নিয়ে টানা তিন মাস রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের ঘর ছাড়াল।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি ও রিজার্ভের বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা। এটি ডলার সংকট মোকাবিলা এবং বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবকণ্ঠ/ডিআর