দেশের অর্থনীতিতে ইতিবাচক সংকেত দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ দশমিক ০৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২৯ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার। মাত্র এক দিনের ব্যবধানে গ্রস ও নিট—উভয় পদ্ধতিতেই রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ নীতিমালা অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ গণনা করা হয়। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের আমদানিব্যয় মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments