Image description

আগামী জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর শুল্ক কাঠামো যৌক্তিক করার মাধ্যমে সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এই তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান তার বক্তব্যে কর ব্যবস্থায় বেশ কিছু আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, আগামী অর্থবছর থেকে ছোট পরিসরে ‘উত্তরাধিকার কর’  পদ্ধতি চালু করা হবে। এছাড়া ২০২৭-২৮ অর্থবছর থেকে উচ্চবিত্তদের জন্য সর্বোচ্চ আয়করের হার ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।

করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে এনবিআর নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে। চেয়ারম্যান বলেন, “অর্থবছরের প্রথম প্রান্তিকে (প্রথম তিন মাস) যারা রিটার্ন দাখিল করবেন, তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। দ্বিতীয় প্রান্তিকে দাখিল করলে তা নিয়মিত হিসেবে গণ্য হবে। তবে যারা বিলম্ব করে তৃতীয় বা চতুর্থ প্রান্তিকে রিটার্ন দেবেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কর দেওয়ার বিধান রাখা হবে।”

দেশের করদাতার সংখ্যা বৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি আরও জানান, ২০১৪ সালে টিআইএন ধারীর সংখ্যা ছিল মাত্র ১৪ লাখ। গত এক দশকে বিভিন্ন ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার ফলে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় এই প্রক্রিয়ায় আরও গতি এসেছে এবং আগামীতে করদাতার সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/আরআই