Image description

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য সুখবর মিলেছে। সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে বিশালাকার তেলের ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জ্বালানি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামের গভীর সমুদ্রে পৌঁছানোর কথা রয়েছে। ওমান উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাহাজটি লোহিত সাগর তীরের ইয়ানবু বন্দর থেকে নিরাপদ রুট ব্যবহার করে আসছে।

সম্প্রতি অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির প্রধান প্ল্যান্টটি বন্ধ হয়ে গিয়েছিল। এতে সারা দেশে জ্বালানি সরবরাহে উদ্বেগের সৃষ্টি হয়। ‘এমটি নিনেমিয়া’ আসার খবরের মাধ্যমে এখন সেই সংকট কাটবে এবং শোধনাগারটি পুনরায় দ্রুত সচল করা সম্ভব হবে বলে আশা করছে জ্বালানি বিভাগ।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বা প্রায় ১৪ লাখ টন তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এই বড় চালানটি পৌঁছালে দেশের জ্বালানি মজুত ও সরবরাহে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই