ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্সে সেমিনার, গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা
রাজধানীতে ইস্টার্ন ইউনিভার্সিটি-এ “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ সেমিনারে দেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও আর্থিক খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক মুফতি আবদুল্লাহ মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. এ কে এম ইকবাল আজিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম হায়দার। এছাড়া বক্তব্য দেন মালয়েশিয়াভিত্তিক এডিএল অ্যাডভাইজরির ফাউন্ডার ও সিইও এবং বাংলাদেশ ব্যাংক-এর শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. (মুফতি) ইউসুফ সুলতান।
আরও বক্তব্য দেন ড. কে. এম. জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।
বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স খাতের গুরুত্ব বাড়ছে। এ খাতের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা জোরদার করা এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন জরুরি।
সেমিনারে দেশের বিভিন্ন শিক্ষাবিদ, ব্যাংকার, গবেষক ও ইসলামী স্কলাররা অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে এবং ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।




Comments