২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ রিটেইল খাতে এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভবিষ্যতে করপোরেট খাতের বিনিয়োগের অর্থ ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপরও জোর দেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, চিন্তাবিদ ও ব্যাংকারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গভর্নর এসব কথা বলেন।
গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য উৎপাদন ব্যবস্থা ও বাজারে সরবরাহ ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং চলতি অর্থবছরের মধ্যেই এই অর্থ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, মুদ্রানীতিকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এএম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অপ্রত্যাবাসিত রপ্তানি আয় ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। ইতোমধ্যে অনেক দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদ চিহ্নিত করে জব্দ করা হয়েছে এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
সভায় বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারলেও অনিশ্চয়তা সামাল দিতে পারেন না; বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটে উৎপাদন ব্যয় ব্যাপক হারে বেড়েছে। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মডেল অনুসরণের পরামর্শ দেন। এ ছাড়া ব্যবসায়ীরা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদের হার হ্রাসের দাবি জানান।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ। মুদ্রানীতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বরূপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, মো. নুরুল আলম, ইয়াসমিন রহমান বুলাসহ চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি গাওহার সিরাজ জামিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ফিন্যান্স ও মার্কেটিং বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
ডিআর




