বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত অধিকাংশ বই, পুস্তক পাঠ করলে এই মহান সংগ্রামের দর্শন খুঁজে পেতে বেগ পেতে হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে দফাওয়ারি বা বিভিন্ন উল্লেখযোগ্য ইংরেজি সন অনুযায়ী সাধারণত বর্ণনা করা হয়। এতে করে দফাগুলোর পেছনের কার্যকারণ সূত্র খুঁজে পাওয়া কঠিন।
বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যে অনেক বিস্তৃত এবং ইতিহাসের পাতার অনেক গভীরে যে এর শিকড় প্রোথিত, মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলাপ আলোচনা, গবেষণামূলক পুস্তকে তা’ অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত কিংবা অপর্যাপ্ত। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুধু ঘটনানির্ভর নয়- অনুভূতি এবং চেতনানির্ভর। মুক্তিযুদ্ধ আকস্মিক কোনো ঘটনা নয়। এর একটি কার্যকারণ সম্পর্কিত ব্যাখ্যা ও বিশ্লেষণ রয়েছে।
এই যে চেতনার কথা বলা হলো, সে চেতনা মানুষ একদিনে ধারণ করেনি। যারা স্বাধীনতাবিরোধী ছিলেন তাদের ব্যাখ্যা, বর্ণনা, দর্শন ভিন্ন হওয়া স্বাভাবিক। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা যতোটুকু সম্ভব বিকৃত করবেন এটা ধরেই নেয়া যায়। যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন, হাজার বছরে সৃষ্ট এই চেতনার মর্ম বাণীকে যাদের উপলব্ধি করা উচিত তাদের ক্ষেত্রেও আমরা আবেগময় বর্ণনা ছাড়া আর কিছুই শুনতে পাই না।
আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতাকে সঠিকভাবে উপস্থাপন করতে চাইলে, প্রচলিত বৃত্তের বাইরে যেতে হবে। মনে রাখা উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই ভূখণ্ডের মানুষের সংস্কৃতি অর্থাৎ ভাষা, সামাজিক আচার-আচরণ, রীতিনীতি, অর্থনীতি, ধর্ম- জীবনের যাবতীয় বিষয় যুক্ত। মুক্তিযুদ্ধের “চেতনা” কথাটি অজগ্র বার উচ্চারণ করে এর অন্তর্নিহিত বাণীকে তুলে ধরতে না পেরে এই পবিত্র চেতনার প্রতি আমরা অবিচার করছি এবং পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে অর্থহীনভাবে উপস্থাপিত হচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনার অন্বেষণ অত্যন্ত কঠিন বিষয়। এটি ইতিহাসের পাতায় রাজ-রাজড়াদের শাসন কালের ব্যবচ্ছেদ করলে পাওয়া যায় না। যদি মধ্য যুগ থেকে শুরু করি, তাহলে সে সময় আমরা দেখতে পাবো যে বাঙালিদের চেতনায় পৃথক ভূখণ্ড, পৃথক দেশ গঠন করার ইতিহাস অনুপস্থিত। তবে বাঙালি চেতনার মৌলাধার হচ্ছে মানবতা, অসাম্প্রদায়িকাতা, পৃথিবীর সকল প্রাণীর প্রতি ভালোবাসা। বাঙালির, বাঙালি হয়ে ওঠা তার সংস্কৃতির মাধ্যম, আচার আচরণে, মন মানসিকতার মাধ্যমে।
মধ্য যুগে সমগ্র বিশ্ব যখন হিংসায় উন্মত্ত, রক্ত ঝরছে পৃথিবীর কোমল মাটিতে, সে সময় এই বাংলার একজন কবি উদার মানবতার অমিয় বাণী শুনিয়েছিলেন বিশ্ববাসীকে তার এক কবিতার মাধ্যমে এই মানবতার বাণী, দার্শনিক উচ্চারণ হিংসায় উন্মত্ত পৃথিবীতে চিরদিন অক্ষয় হয়ে থাকবে। তার উচ্চারিত বাণীকে কোনো সভ্য জাতির পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি মানব জাতিকে আহ্বান করে বলেছিলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।
মনে রাখতে হবে বাঙালি কবি যখন এই বাণী উচ্চারণ করেন আজকের সুসভ্য ইউরোপে তখনো নব জাগরণ ঘটেনি। সমগ্র ইউরোপ জুড়ে চার্চের শাসন জাঁকিয়ে বসেছিলো। কুসংস্কার, মানুষে মানুষে বৈষম্য, বর্ণবাদ সমাজের অভ্যন্তরে গভীরভাবে প্রোথিত ছিলো। প্রশ্ন হলো- মুক্তিযুদ্ধের চেতনার অন্বেষণ করতে গিয়ে চন্ডীদাসের কবিতার বাণীকে টেনে নিয়ে আসা কেনো। বাঙালি দার্শনিক, কবি, সাধারণ মানুষের জীবন সংস্কৃতি থেকে গড়ে ওঠা মানবিক অনুভূতি থেকেই বাঙালি সংস্কৃতি বাঙালি মানসের সৃষ্টি হয়েছিলো। এই মানবিক চিন্তা ইতিহাসের বিভিন্নধাপে এসে স্বাধীন বিকাশের অধিকার চেয়েছে। এই যে অধিকারের জন্য লড়াই তা’ হলো, স্বাধীনতা বা মুক্তির লড়াই।
এ’ক্ষেত্রে মধ্য যুগের কবি আবদুল হাকিমের মাতৃভাষা প্রেমের কবিতাটি উল্লেখ করা যায়। কী আশ্চর্য! পৃথিবীজুড়ে শিল্প বিপ্লব ঘটেনি তখনো। মানবাধিকার, মানবতার বাণী পিষ্ট হচ্ছে ভূ-স্বামী, রাজা রাজরাজড়াদের কঠিন জুলুম অত্যাচারে। সে সময় সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে আমাদের মহান কবি আব্দুল হাকিম উচ্চারণ করেন ‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী/ সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি’। কবিতাটির শেষ চারটি চরণ, যে কোন মানবিক মানুষকে উদ্বেলিত করে তুলবে; বাংলা ও বাঙালির শিক্ষা, সংস্কৃতির আধুনিকতা, মানবিকতা নিয়ে উচ্চ ধারণা সৃষ্টি করবে। চরণগুলো পাঠ করলে এ’কথা তাৎপর্য অনুধাবন করা যেতে পারে :“... যেই দেশে যেই বাক্যে কহে নরগণ /সেই বাক্য বুঝে প্রভূ আপে নিরঞ্জন /সর্ববাক্য বুঝে প্রভূ কিবা হিন্দুয়ানী / বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী।”
মাতৃভাষার প্রতি ভালোবাসা জানাতে গিয়ে আমাদের উদার অসাম্প্রদায়িক কবি, যে বার্তা তুলে ধরলেন, সেই বার্তার পরতে পরতে বাঙালির হৃদয়ের গহীনে বয়ে চলা দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। সেই দৃষ্টিভঙ্গি হলো বাঙালি জাতীয়তাবাদ তৈরির মৌলিক উপাদান।
ইতিহাসের সিঁড়ি বেয়ে আমরা পেছন দিকে গেলে দেখতে পাই যে বাঙালির নিজস্ব ভূখণ্ড ছিল, কিন্তু স্বশাসিত দেশ ছিল না। রাষ্ট্র তো ছিলই না। প্রথম স্বাধীন বঙ্গরাজ্যের অভ্যুদয় ঘটেছিল খ্রিস্টীয় ৫২৫ সালে। এক বাঙালি রাজা গোপ চন্দ্র যা প্রতিষ্ঠা করে ছিলেন। সেই প্রথম এক বাঙালি রাজা যিনি বাঙালিদের রাজ্য পত্তন করেন।
৭৫ বছর স্থায়ী হয়েছিল গোপ চন্দ্রের শাসন। তারপর উত্থান ঘটে রাজা শশাঙ্কের। কিন্তু তাঁরা কেউ বাঙালি ছিলেন না। সেন বা পালরা ও নন। কিন্তু রাজা গোপ চন্দ্রের প্রথম স্বাধীন বঙ্গরাজ্য তো সাম্রাজ্য ছিল। প্রজাতন্ত্র ছিল না। বাঙালি প্রথম প্রজাতন্ত্রের সাক্ষাৎ পায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। হাজার বছরের স্বপ্ন বাঙালির নিজস্ব স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে। কিন্তু সে তো সাম্প্রতিক সময়ের কথা। তারও আগে শত শত বছর ধরে ঘটেছে নানা ঘটনা, যা জাতিসত্তা বিনির্মাণের গুরুত্বপূর্ণ ক্রিয়াশীল উপাদান হিসাবে কাজ করেছে।
আমাদের তেরো শত নদীর তীরে সহগ্র বছর ধরে যে মানুষের বসবাস, তাদের সংগ্রামী জীবনের উত্তরাধিকার আমরা। সে জীবন অবিভাজ্য মানুষের। সে জীবন শ্রম ও আনন্দের। শান্তি ও সমন্বয়ের। প্রকৃতি ও পুরানের সংশ্লেষে গঠিত। সেই জীবনের সংস্কৃতি সততই প্রেমের জয়গান গায়। জীবনের জয়গান গায়। যুগে যুগে মানবের কল্যাণ কামনায় গীত হয় সাম্যের গান। জাতি-ধর্মনির্বিশেষে সংস্কৃতি হয়ে ওঠে মানুষের জীবন ও জাতিসত্তা নির্মাণের প্রধানতম নিয়ামক।
সম্প্রদায় ও সাম্প্রদায়িক চিন্তাচেতনা বিলুপ্ত হয় মানবজীবন থেকে উৎসারিত ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের কাছে। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ধর্মীয় বিভাজন অনুমোদন করে না। আর তাই এই অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ অনেক মানবিক ও শান্তি মুখাপেক্ষী।
সেই জাতীয়তাবাদকে প্রতিষ্ঠার আন্দোলনের সব চেয়ে বড় ধাপ ছিলো, আমাদের গৌরবময় ভাষা আন্দোলন। সে আন্দোলনে বিজয়ের মাধ্যমে বাঙালি তার জাতিসত্তার পুনরাবিষ্কার করে।
এই পুনরাবিষ্কারকে ভাষা আন্দোলনের সবচেয়ে বড় গবেষক বদরুদ্দিন উমর বলেছেন বাঙালির স্বদেশ প্রত্যাবর্তন। বাঙালি স্বদেশ প্রত্যাবর্তন করে অনুধাবন করে পাকিস্তান নামক দেশটি তাদের আদর্শিক দেশ নয়, কারণ বাঙালি কখনো ধর্মভিত্তিক জাতীয়তার কথা চিন্তা করে নাই। বাঙালি হিন্দু, মুসলমান পাশাপাশি অবস্থা করেছে সহমর্মী হয়ে। তারা একসাথে লালনের গান গেয়েছে, বাংলার পথে প্রান্তরে অসাম্প্রদায়িক উদার বাউল, ফকিরদের সঙ্গীত কবিতা তাদের হৃদয়কে প্রসারিত করেছে। পাকিস্তান নামক সংকীর্ণ রাষ্ট্রে তাদের প্রসারিত হৃদয়ের স্থান দেয়ার মতো উদার ছিলো না।
মূলত ভাষা, সংস্কৃতি বাঙালিকে এগিয়ে দিয়েছে নিজস্ব ভূখণ্ড প্রতিষ্ঠার আন্দোলনে। ১৯৫২-এর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে যে জাতিসত্তা বিনির্মাণের নবপ্রয়াস শুরু হয়, সেই জাতিসত্তা হাজার বছরের বাঙালির সংগ্রাম ও ঐতিহ্যের চূড়ান্ত রূপ। তারপরের ইতিহাস তো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের ইতিহাস। সেই ইতিহাস রক্তাক্ত, কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার
সাফল্যের ইতিহাস। এই প্রথম বাঙালি তার হাজার বছরের ইতিহাসে প্রজাতন্ত্রের মালিক হলো। আর এই প্রজাতন্ত্র অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ? গণতান্ত্রিক এবং সকল মানুষের সম-অধিকারের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা হলো উদার, অসাম্প্রদায়িকতাকে স্থান দেয়া রাষ্ট্রের ভিত্তি মূলে। বাঙালি জাতীয়তাবাদের মধ্যেই এই চেতনা নিহিত আছে। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার কথা বলে, সকলে মিলে ভাগ করে ভোগ করার কথা।
মুক্তিযুদ্ধে আমরা চন্ডীদাস, আবদুল হাকিম থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের বাংলাদেশকে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছি। চন্ডীদাসের মানবতা, আবদুল হাকিমের বাংলা ভাষা ও বাঙালির প্রতি ভালোবাসা, বাংলার মরমি কবি সাহিত্যিকদের মানবতার প্রতি দুর্বলতা এসব কিছু হলো মুক্তিযুদ্ধের চেতনার উপাদান। এই চেতনা প্রতিষ্ঠার লড়াই হলো মুক্তিযুদ্ধ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পেরিয়েছি তিন বছর পূর্বে, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি হীরকজয়ন্তীর দিকে, আমাদের উচিত বর্ণনাভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে তাৎপর্য, অন্তর্নিহিত বাণীভিত্তিক ইতিহাসের চর্চা করা, যা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের গভীর বাণীকে উপলব্ধি করতে সহায়তা করবে।
লেখক: প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক।
মানবকণ্ঠ/এফআই

