এ বছর শীতের সবজির দাম ভোক্তার অনুকূলে ছিল না। মাঠভরা সবজি থাকা সত্ত্বেও বাজারে সবজির দাম ছিল বাড়তি। তবে শীত চলে গেলে দাম আগের থেকে কমলেও এখনো দাম স্বস্তিদায়ক পর্যায়ে নামেনি। চাষি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ও সরবরাহ দুটোই সন্তোষজনক। অথচ একদিকে মাঠপর্যায়ের কৃষক ঠকছেন, পাচ্ছেন না ন্যায্য দাম; অন্যদিকে হাটে-বাজারে ঠকছেন ভোক্তা, দামের ঊর্ধ্বগতিতে পকেট কাটা যাচ্ছে তাদের। কৃষক থেকে ভোক্তা পর্যায় পৌঁছতে একটি পণ্য পাঁচ-ছয় হাত বদল হচ্ছে। ফলে ক্ষেত্রবিশেষে দাম দশ গুণেরও বেশি বেড়ে যাচ্ছে। এসব মধ্যস্বত্বভোগীদের মুনাফার ফাঁদে পড়েছে সবজির বাজার। খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থানগড়ে সম্প্রতি সবজির সরবরাহ অনেক বেড়েছে। গত বুধবার সবজির রেকর্ড পরিমাণ সরবরাহ ছিল। এ অঞ্চলের নয় মাইল হাট ও দুবলাগাড়ি ডিস্ট্রিবিউশন পয়েন্টেও একই চিত্র। এসব বাজারের বিভিন্ন পয়েন্টে ফড়িয়াদের কাছে নামমাত্র দামে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। মহাস্থান হাটে যে কৃষক ৪০০ টাকা মজুরি দিয়ে ক্ষেত থেকে বেগুন তুলে ২০০ টাকা ভ্যান ভাড়া দিয়ে আড়াই মণ বেগুন হাটে আনে। তাকে মণপ্রতি বিক্রি করতে হয় ২২০ টাকায়। একই অবস্থা মিষ্টিকুমড়ার ক্ষেত্রেও। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন যে, বগুড়ার একজন প্রান্তিক কৃষক স্থানীয় ফড়িয়ার কাছে যে বেগুন মাত্র ৪ টাকা কেজি দরে বিক্রি করছেন, সেটি রাজধানীর খুচরা বাজার থেকে ভোক্তারা কিনছেন ৫০-৬০ টাকায়। অর্থাৎ ১২ থেকে ১৫ গুণ পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক নয়। সবজিভেদে অবশ্য এ হারের কম-বেশি রয়েছে। রাজবাড়ীতেও কৃষকের হাতছাড়া হতেই সবজির কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। একই চিত্র মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জের মোকামগুলোতেও। কালুখালীর মদাপুরের বেগুন চাষিরা বলছেন, বর্তমানে ক্ষেত থেকে বেগুন তোলার শ্রমিক খরচও উঠছে না। বাজারে নিয়ে গেলে ৩ টাকা কেজির বেশি পাচ্ছি না।
অথচ রাজধানীর বাজারে দাম কমার পরও বৃহস্পতিবার খুচরায় প্রকারভেদে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। গত শুক্রবারও বিভিন্ন বাজারে যা বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ এবং পণ্য সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সরকার সর্বাধিক গুরুত্ব দিলেও ভোক্তারা তার সুফল পাচ্ছে না। সরকার শুরু থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থায় জোর দিচ্ছে। কিন্তু সেগুলো অনেকাংশে শুধু কথাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বাজারে তার প্রভাব খুবই কম। ভোক্তারা বেশি দামে কিনে ক্ষতিগ্রস্ত হলেও কৃষকরা লাভবান হচ্ছেন না, উল্টো ঠকানো হচ্ছে তাদের। আগে বিভিন্ন সংস্থার তদারকি দেখা গেলেও এখন তা কমে গেছে। অন্যদিকে সবজি পরিবহনে পদে পদে চাঁদাবাজি আজও পর্যন্ত বন্ধ হয়নি। রাজধানীর আড়তে পৌঁছানোর পর খুচরায় যাওয়ার আগেও এক থেকে দুই হাত বদল হয়ে থাকে। মূলত ভোক্তার কাছে পৌঁছাতে পাঁচ থেকে ছয় হাত বদল হয়। এই হাত বদলের খেলায় যোগসাজশের মাধ্যমে দাম কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত হয়। মধ্যস্বত্বভোগীদের এ দৌরাত্ম্যের কারণেই সবজির দাম যে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তা সরকারি সংস্থার অনুসন্ধানেই উঠে এসেছে। মধ্যস্বত্বভোগীদের লাগাম না টানলে ভোক্তাদের সংকট নিরসন সম্ভব না।
মানবকণ্ঠ/এসআরএস

