Image description

দেশের সাধারণ মানুষের আর্থিক আচরণ অনেক সময়ই সামগ্রিক অর্থনীতির গভীর সংকেত বহন করে। সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র খাতে যে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তা কেবল একটি বিনিয়োগ মাধ্যমের দুর্বলতা নয়; বরং বৃহত্তর অর্থনৈতিক চাপের প্রতিফলন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের দৈনন্দিন জীবনে যে চাপ সৃষ্টি করেছে, তার সরাসরি অভিঘাত পড়েছে সঞ্চয়ের ওপর। ফলে দীর্ঘদিন ধরে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সঞ্চয়পত্র এখন নীরব সংকটে নিমজ্জিত।

সর্বশেষ তথ্য বলছে, সঞ্চয়পত্র বিক্রির চেয়ে ভাঙানোর পরিমাণ দ্রুত বাড়ছে, যা নিট বিনিয়োগকে ঋণাত্মক করে তুলছে। এটি একটি উদ্বেগজনক বার্তা। কারণ সঞ্চয় কমে গেলে তা বিনিয়োগের ভিত্তিকে দুর্বল করে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে সরকারের জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ- কারণ সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত ঋণ কমে গেলে বাজেট ঘাটতি পূরণে বিকল্প উৎসের ওপর নির্ভরতা বাড়ে, বিশেষত ব্যাংকঋণের ওপর।

এই পরিস্থিতির পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে উচ্চ মূল্যস্ফীতিকে চিহ্নিত করা হচ্ছে। যখন মানুষের আয়ের তুলনায় ব্যয় দ্রুত বাড়ে, তখন সঞ্চয় ধরে রাখা কঠিন হয়ে পড়ে। নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের আয় স্থিতিশীল হলেও ব্যয়ের চাপ ক্রমাগত বৃদ্ধি পায়। ফলে বাধ্য হয়ে তারা পূর্বের সঞ্চয় ভেঙে দৈনন্দিন প্রয়োজন মেটায়।

অন্যদিকে, সঞ্চয়পত্রের সুদের হার হ্রাসও বিনিয়োগ নিরুৎসাহিত করছে। যখন বিকল্প বিনিয়োগ যেমন ট্রেজারি বিল বা বন্ডে তুলনামূলক বেশি রিটার্ন পাওয়া যায়, তখন বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই সেদিকে ঝুঁকে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, যা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই নতুন বিনিয়োগে না গিয়ে নগদ অর্থ ধরে রাখাকে নিরাপদ মনে করছেন- যা অর্থনীতির জন্য মোটেও ইতিবাচক নয়।

ক্রমাগত কয়েক বছর ধরে সঞ্চয়পত্র খাতে ঋণাত্মক নিট বিনিয়োগের ধারাবাহিকতা ইঙ্গিত দেয় যে সমস্যাটি সাময়িক নয়, বরং কাঠামোগত। এ অবস্থায় সরকার যদি সময়োপযোগী পদক্ষেপ না নেয়, তবে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। ইতোমধ্যে ব্যাংকঋণের ওপর সরকারের নির্ভরতা বেড়ে যাওয়ায় আর্থিক খাতে চাপ তৈরি হচ্ছে, যা সুদের হার, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতি উত্তরণে প্রথমত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। 

দ্বিতীয়ত, সঞ্চয়পত্রের সুদের হার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে এটি আবারও আকর্ষণীয় বিনিয়োগ মাধ্যম হিসেবে ফিরে আসতে পারে। তৃতীয়ত, বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। সঞ্চয়পত্র খাতের এই নীরব সংকট আসলে বৃহত্তর অর্থনৈতিক চ্যালেঞ্জের একটি প্রতিচ্ছবি। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর ও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই সময় থাকতেই নীতিনির্ধারকদের সচেতন ও সক্রিয় হওয়া জরুরি। কালক্ষেপণ না করে কার্যকর পদক্ষেপ নিন।