কন্নড় অভিনেতা সম্পথ জে রাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন রাম। তিনি যে পরিমাণ কাজের আশা করছিলেন তা কিছুতেই মিলছিল না। গত মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’। সিনেমার পরিচালক রাজেশ ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় তিনিই প্রথম এই খবর জানান। রাজেশ লেখেন, ‘এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।’
অগ্নিসাক্ষী ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাম। সেই ধারাবাহিকে তার সহ-অভিনেতা বিজয় সূর্য বলেন, অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এককথায় দুঃখজনক। গত বছরই বিয়ে করেন রাম। তার বিবাহিত জীবন সুখেরই ছিল। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন রাম সে হিসাব কিছুতেই মেলাতে পারছেন না তার কাছের মানুষেরা।

