এবার আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় পর্দায় আসছেন বলিউড তারকা জিমি শেরগিল। আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘আজম’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক। ছবিটি পরিচালনা করেছেন শ্রবণ তিওয়ারি। ছবিতে জিমি শেরগিল অভিনীত চরিত্রটির নাম জাভেদ। মুম্বাই শহরের এক সাধারণ যুবক থেকে আন্ডারওয়ার্ল্ডের বাদশা হয়ে উঠল জাভেদ সেই গল্প নিয়েই তৈরি হয়েছে আজম সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার প্রকাশের পর নেট দুনিয়ায় আলোচনা চলছে। নির্মাতারা জানিয়েছেন, এই মাসের শেষেই মুক্তি পাবে ‘আজম’ সিনেমার ট্রেলার।
‘মহাব্বতে’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘মেরে ইয়ার কে শাদি হ্যায়’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন জিমি শেরগিল। ওটিটিতেও অন্যরকম ভূমিকায় দেখা গেছে জিমি শেরগিলকে। ‘রংবাজ ফিরসে’ ওয়েব সিরিজে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার আজম ছবিতে ডনের ভূমিকায় নজর কাড়বেন এই অভিনেতা। এমনটাই ভাবছেন সিনেমা সংশ্লিষ্টরা।

