দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানী শিবাজি রাও হয়ে ফিরলেন রানি মুখোপাধ্যায়। আর ফিরেই বক্স অফিসে নিজের আধিপত্য জানান দিলেন এই বলিউড কুইন। গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ৩’ প্রথম তিন দিনেই বাজিমাত করেছে।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি রুপি। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে দারুণ আশার আলো দেখিয়েছে।
ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে প্রায় ৪ কোটি রুপি। তবে উইকেন্ডের আমেজ গায়ে মেখে রবিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, যা গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটিতে। ফলে মুক্তির প্রথম তিন দিনেই দুই অঙ্কের ঘরে (১০ কোটি) পৌঁছে গেছে রানির ঝুলির সংগ্রহ।
বর্তমানে প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি প্রদর্শিত হচ্ছে। এমনকি একটি বড় মাপের যুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সরাসরি লড়াই চললেও ‘মর্দানি ৩’ তার গতি হারায়নি। বরং স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে রানি মুখোপাধ্যায়ের এই সিনেমা।




Comments