ঈদুল আজহা উপলক্ষে মুক্তির সম্ভাবনা রয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে নায়িকা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যেতে পারে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে। চরিত্রটি নিয়ে পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন তিনি এবং গল্প ও চরিত্র তার পছন্দ হয়েছে বলেও জানা গেছে।
তবে চমক এখানেই শেষ নয়। ছবির প্রধান নায়িকা হিসেবে পাকিস্তানের কোনো শীর্ষ অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এখনো কারও সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় নির্মাতা পক্ষ বিষয়টি গোপন রাখছে।
এ প্রসঙ্গে সিনেমার পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে জানান,
“নায়িকা নিয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব চূড়ান্ত হলে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। তার আগে মন্তব্য করা ঠিক হবে না।”
এদিকে, এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তানজিয়া জামান মিথিলা।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার চলমান সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংয়ে। ছবিটির কাজ শেষ করে প্রায় দুই সপ্তাহ বিরতি নিয়ে এরপরই শুরু করবেন ‘রকস্টার’-এর শুটিং।
মানবকণ্ঠ/আরআই




Comments