Image description

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক শ্রমিক দল নেতার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ডিজিএফআই ও এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গলের একটি দল এই অভিযান পরিচালনা করে। বানারীপাড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের নেতা ফিরোজ সরদারের বাড়িতে তল্লাশি চালান।

অভিযানে ফিরোজ সরদারের ঘর থেকে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু, একটি মোটরসাইকেল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ফিরোজ সরদার বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

একই দিনে সেনাবাহিনী ওই ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম, বসুরহাট ও বাইশারীতে আরও কয়েকটি অভিযান চালায়। সেখান থেকে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পলাতক ফিরোজ সরদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এমন কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

মানবকণ্ঠ/ডিআর