Image description

সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন নেতা আরজু আহমাদ।

শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এই নেতা।

জানা যায়, আরজু আহমাদ এনসিপির একজন প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলেরও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আরজু আহমাদ গণমাধ্যমকে জানান, দলের প্রতি কোনো ধরনের ক্ষোভ বা অভিমান থেকে তিনি পদত্যাগ করেননি; এর পেছনে রয়েছে একান্তই ব্যক্তিগত কারণ। বর্তমানে ব্যক্তিগত ব্যস্ততার কারণে দলকে পর্যাপ্ত সময় দিতে না পারাতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দলের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, "আমার প্রত্যাশা দল তার নিজস্ব গতিতে এগিয়ে যাক। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সেখানে সময় দিতে পারছি না। তবে দলের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে। তারা যেন সঠিক রাজনীতিটা চালিয়ে যেতে পারে, সেই প্রত্যাশাই করি।"

মানবকণ্ঠ/আরআই