Image description

জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ‘যমুনা মোটরস’ নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জ্বালানি তেলের অবৈধ মজুদের সন্ধানে উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করে যমুনা মোটরসের দুই স্বত্বাধিকারী রঞ্জু ও মঞ্জুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি খোলা বাজারে অবৈধভাবে চড়া দামে পেট্রোল বিক্রি করছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

অভিযান চলাকালে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, বাজারের বাইরেও উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ইউএনও সুমন চৌধুরী বিভিন্ন বাড়িতে তল্লাশি চালান এবং জড়িতদের কঠোরভাবে সতর্ক করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে মজুদদারি বা বেশি দামে পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর