মাধবপুরে চা বাগান এলাকা থেকে দেড় লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫ নম্বর সেকশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল আলীমের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে গহীন বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০৮ বোতল এসকাফ ডিএক্স (ESkuf DX) সিরাপ, ১৮ বোতল হি-ম্যান ৯০০০ স্ট্রং বিয়ার এবং ৩ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments