Image description

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির দুই সন্তান।

মৃতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো রোববার মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামেন। তাদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন, দুই ভাইয়ের লাশ পানিতে ভেসে আছে। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে লাশ উদ্ধার করেন।  

তিনি বলেন, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মুজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠান্ডা পেতে পুকুরে বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের বাবা-মা ও পরিবারের লোকজনকে সতর্ক থাকতে হবে। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।