সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘বিশ্বায়ন ও বহুভাষিকতা’ শীর্ষক একটি বিশেষ শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) সভাকক্ষে এই সেমিনার সম্পন্ন হয়।
সেমিনারে বক্তারা বিশ্বায়নের সংজ্ঞা, এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান বিশ্বে বহুভাষিকতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভাষার উৎপত্তি, ক্রমবিকাশ এবং বিভিন্ন ভাষার বৈচিত্র্যময় বৈশিষ্ট্য ও ভাষাগত পার্থক্যের নান্দনিক দিকগুলোও আলোচনায় উঠে আসে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু রায়হান বলেন, “বিশ্বায়নের এই যুগে বহুভাষিকতা অপরিহার্য। এটি বৈশ্বিক পরিমণ্ডলে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সাহায্য করে। বহুভাষিক চর্চার মাধ্যমে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর হয় এবং মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার মাধ্যমে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি পায়।”
মুখ্য আলোচক অধ্যাপক মনসুর মুসা বলেন, “যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে বহুভাষিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে মাতৃভাষা যেমন অপরিহার্য, তেমনি বৈশ্বিক প্রয়োজনে ইংরেজি ভাষার প্রতি আগ্রহও বাড়ছে। ভাষার ভঙ্গি ও বৈচিত্র্যই ভাষাবিজ্ঞানের আসল সৌন্দর্য।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বলেন, “বাংলা বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষণীয়। এর মাধ্যমে তারা বিশ্বায়ন ও বহুভাষিকতা সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে।”
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এস এ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ ও আত্মউন্নয়নে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments