Image description

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত বহুল প্রতীক্ষিত বিলটি জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।

এদিন সংসদে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিলের ওপর আলোচনা শেষে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বিলটি পাসের পক্ষে-বিপক্ষে ভোট চাইলে উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটির পক্ষে সমর্থন জানান। এর ফলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সংক্রান্ত নতুন এই আইনি কাঠামো চূড়ান্ত অনুমোদন পেল।

এর আগে দুই দিনের বিরতির পর আজ বিকেল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিনের কার্যসূচি অনুযায়ী সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপরই প্রশাসনিক সংস্কার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই বিলটি পাসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মানবকণ্ঠ/আরআই