Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সরাসরি নিজেদের প্রত্যাশার কথা বলছেন, আবার কেউ রসিকতার মাধ্যমে অংশ নিচ্ছেন নির্বাচনী আলোচনায়।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নির্বাচনের আগের দিন নিজের ফেসবুক স্ট্যাটাসে মজার ছলে তিনি লেখেন, ‘কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া।’

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা মন্তব্যে অংশ নেন আলোচনায়। একজন মন্তব্য করেন, ‘বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল! এবার যে-ই জিতুক!’
আরেকজন লেখেন, ‘সিদ্ধান্ত আপনার—মানুষ সুদৃষ্টি দেবে না কুদৃষ্টি দেবে। আপনি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতাই আপনার অঙ্গীকার।’

সামাজিক মাধ্যমে স্পষ্টভাষী হিসেবেই পরিচিত শবনম ফারিয়া। সামাজিক ও রাষ্ট্রীয় নানা ইস্যুতে তিনি খোলামেলা মত প্রকাশ করেন। নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন সবার নজর ভোটের পরিবেশ, ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

মানবকণ্ঠ/আরআই