Image description

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় উপস্থিতি দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাগরিক অধিকার ও গণতন্ত্রের পক্ষে তার সাহসী অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ছবি ভাইরাল হওয়ার পরদিন (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিন্নরূপে হাজির হয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে বাঁধন দুটি ভিন্নধর্মী ছবি পোস্ট করেন। একটিতে তাকে দেখা গেছে বোরকা পরা অবস্থায়, আর অন্যটিতে হাতাকাটা ব্লাউজের সঙ্গে শাড়িতে। দুই বিপরীতমুখী লুকের ছবি শেয়ার করে তিনি মূলত তাদেরই বার্তা দিয়েছেন, যারা তাকে নিয়ে ট্রল বা সমালোচনা করেছিলেন।

ছবির ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। দারুণ করেছ, বাংলাদেশ! নির্ঘুম রাতের পর এই স্বস্তির সকাল আমাকে কৃতজ্ঞ, তৃপ্ত এবং গভীরভাবে গর্বিত করেছে।’

বোরকা পরা ছবিটির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বাঁধন বলেন, ‘‘যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন, এই ছবিটা মূলত তাদের জন্য। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি কেবলই একটি পোশাক—এর চেয়ে বেশিও নয়, কমও নয়। কখনও কখনও এটি আমার কাছে ব্যবহারিক প্রয়োজনেও লাগে; যেমন পায়জামা ঢাকতে, চুল আড়াল করতে কিংবা জনসমাগমে সহজে মিশে যেতে। বিষয়টি খুবই সরল। যারা ট্রল বা কটাক্ষ করেছেন, এটি তাদের জন্য একটি জবাব।’

নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘যারা জয়ী হয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা সফল হতে পারেননি, তাদের বলব—এই অভিজ্ঞতাও এক ধরনের বিজয়। এই দেশ আমাদের সবার। পারস্পরিক সম্মান ও ঐক্য নিয়ে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়াই আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।’

নির্বাচনী আমেজ আর ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে বাঁধনের এমন সোজাসাপ্টা অবস্থান নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর