Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বিজয়ী হওয়ার পর গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সঙ্গে দেখা করেছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নাখালপাড়ায় সুমনের বোন সানজিদা ইসলাম তুলির বাসভবনে যান তিনি। এ সময় আরমানের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ‘আয়নাঘর’ থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান আবেগঘন পরিবেশে বলেন, ‘আমি যখন আয়নাঘর থেকে দীর্ঘ সময় পর মুক্তি পাই, তখন জানতে পারি আমার নিখোঁজ থাকাকালীন এই পরিবারটি আমার মায়ের পাশে দাঁড়িয়েছিল। সুমনের পরিবার গুমের শিকার হওয়া পরিবারগুলোকে আন্দোলন করতে শিখিয়েছে, সাহস দিয়েছে। আমার অনেক নিকটাত্মীয় বিপদের সময় যোগাযোগ না রাখলেও এই পরিবারটি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে।’

গুমের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘সুমন ভাইয়ের মতো শত শত পরিবার আজও জানতে পারেনি তাদের সন্তানদের ভাগ্যে কী ঘটেছে। গুমের সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তারা যত বড় পরাশক্তিই হোক—তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমি আজীবন এই পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।’

এ সময় সানজিদা ইসলাম তুলির মা কান্নায় ভেঙে পড়েন এবং আরমানের কাছে তার নিখোঁজ সন্তান সুমনকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। 

তিনি বলেন, ‘আমার সুমনকে বের করে আনতে হবে, এটাই আমার একমাত্র আবদার। আরমান তো এখন এমপি হয়েছে, ওর সঙ্গে আমাদের পরিচয় অনেক আগের। আমি সুস্থ হয়ে মিরপুর গেলে সবার আগে আরমানের বাসায় যাব।’

মানবকণ্ঠ/ডিআর