সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়া এবং বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে আঞ্জু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আঞ্জু মিয়া ওই গ্রামের মৃত ছাদ উল্লাহর ছেলে এবং বরের আপন চাচাতো বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। তবে এই বিয়েতে বরের গোষ্ঠীর চাচাতো ভাই আনহার মিয়াসহ কিছু স্বজনের অমত ছিল। এ নিয়ে বরের সমর্থক ও চাচাতো ভাই আঞ্জু মিয়ার সঙ্গে আনহার মিয়ার বিরোধ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে আঞ্জু মিয়া যখন বরযাত্রী হিসেবে কনের বাড়িতে যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষ আনহার ও তার লোকজন ওত পেতে থেকে তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে আঞ্জু মিয়া মাটিতে লুটিয়ে পড়লে আনহার ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments