Image description

নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিউমোনিয়াজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। প্রিয় অভিনেতার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা শামীম হোসেন।

শামীম হোসেন তার ভেরিফায়েড প্রোফাইলে হারুন কিসিঞ্জারের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তার নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা পরিচালনা করছেন। তবে চিকিৎসকরা আশাবাদী যে, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। পরিবারের পক্ষ থেকে ভক্তদের ধৈর্য ধারণ ও দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

নব্বইয়ের দশকে বিটিভির বিভিন্ন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান এবং নাটকের মাধ্যমে কমেডিয়ান হিসেবে তারকাখ্যাতি পান হারুন কিসিঞ্জার। হাস্যরসে ভরপুর সংলাপ আর সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও বেশ কিছু চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকলেও ভক্তদের কাছে তার জনপ্রিয়তা এখনও অম্লান।

মানবকণ্ঠ/ডিআর