Image description

আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা পেলে নির্বাচন কমিশন (ইসি) ভোট পুনঃগণনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শপথ গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে যদি স্পিকার বা ডেপুটি স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ না পড়ান, তবে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করাবেন। তবে শপথ কবে বা কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখন পর্যন্ত আমরা সংসদ সচিবালয় থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।’

১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও ভোট পুনঃগণনার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘জোটের পক্ষ থেকে আসা প্রতিনিধি দলের বক্তব্য আমরা শুনেছি। নির্বাচনে তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো সুযোগ নেই। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ও স্মার্টলি ফলাফল তৈরির কাজ করেছেন যাতে জনগণের আস্থা বজায় থাকে। গেজেট প্রকাশের সময়কাল নিয়ে আমাদের কোনো অবহেলা ছিল না।’

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে, সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য আইনি পথ খোলা রয়েছে। তিনি বলেন, ‘আইন অনুযায়ী যদি কারও কোনো অভিযোগ থাকে, তবে তারা উচ্চ আদালতে যেতে পারেন। আদালত নির্দেশ দিলে কমিশন অবশ্যই ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেবে।’ সবশেষে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহায়তায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর