নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ‘নির্যাতনের শিকার’ সেই নারীকে দেখতে গিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে গিয়ে তিনি ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় মাহবুব আলমগীর আলোর সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শনকালে জেলা বিএনপির আহ্বায়ক পুলিশ প্রশাসনের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেওয়া নাগরিক অধিকার। শুধুমাত্র ভোট দেওয়ার কারণে একজন নারীর ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দাবি জানাচ্ছি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
এ সময় তিনি হাতিয়ায় নির্বাচনী সহিংসতার শিকার হওয়া অন্যান্য নেতা-কর্মীদেরও শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার জেরে ৩২ বছর বয়সী ওই নারী ও তার স্বামীর ওপর হামলার অভিযোগ ওঠে।
ভুক্তভোগী নারীর দাবি, স্থানীয় কয়েকজন যুবক তার স্বামীকে পিটিয়ে জখম করে এবং তাকে শারীরিক নির্যাতন চালায়। পরে শনিবার বিকেলে তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments