চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে আজ রবিবার বিকেল পর্যন্ত সেটি গ্রহণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, রবিবার সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় সভাপতিত্ব করেন তিনি। ওই সভায় আইজিপি পদত্যাগের কথা জানান।
এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরের দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আইজিপির পদত্যাগপত্র গৃহীত হওয়ার কোনো খবর পাইনি। তবে তার পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে বলে শুনেছি।’
এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।




Comments