Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামের এক গৃহবধূ। এই দিনে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রসূতি মা ও নবজাতককে দেখতে যান এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক আম্বিয়া খাতুনের হাতে শিশুটির একটি বাঁধাই করা জন্মসনদ তুলে দেন, যেখানে নাম রাখা হয়েছে ‘খালেদা’। এছাড়া সদ্যোজাত শিশুর যত্নের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে শিশুটির নাম রাখেন ‘বেগম খালেদা জিয়া’। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর