Image description

কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজার বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে মহি উদ্দিন নিজের অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে আসেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং লাইনে দাঁড়িয়েই সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতে শুরু করেন। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি চলে আসে। মহি উদ্দিন ফেসবুক পোস্ট দিতে মগ্ন থাকায় ট্রেনের উপস্থিতি টের পাননি এবং সরে যাওয়ার সুযোগ পাওয়ার আগেই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটায় লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, তবে তার আগেই নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।’

মানবকণ্ঠ/ডিআর