গজদাঁতের হাসি আর রামধনু ওড়নায় সাদা সালোয়ার-কমিজের সেই পরিচিত চেহারা এখন আর এককথায় থাকছে না। টলিউড কুইন স্বস্তিকা মুখোপাধ্যায় ২৫ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে আবারও আলোচনায় এসেছেন, এবার বিতর্ক নয়, বরং তাঁর আসন্ন ছবি ‘প্রমোটার বৌদি’ এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে।
পরিচালক শৌর্য দেবের নতুন ছবিতে স্বস্তিকা এক ভিন্ন চরিত্রে দর্শকের সামনে আসছেন। ধুলো উড়িয়ে বাইক এন্ট্রি, এক্সট্রিম অ্যাকশন এবং ভোজপুরি গানের তালে নাচ— একসময়ের কমার্শিয়াল হিরোদের করা দৃশ্য এবার স্বস্তিকার জন্য। তিনি বললেন, “একই কাজ ২৫ বছর করলে দর্শক কেন দেখবে? তাই নতুন চ্যালেঞ্জ নিয়েছি। মেয়েরা সাধারণত প্রমোটিং করে না, আমি সেটি পর্দায় করেছি।”
শুরুতে ‘পুতুল’ রূপের কারণে জনপ্রিয় হলেও, এখন স্বস্তিকা সেই ইমেজ ধরে রাখতে চান না। বয়সের সাথে শারীরিক পরিবর্তন ও অভিনয়ের পরিপক্কতা তিনি সহজভাবেই গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে জানালেন,
“গত ২৫ বছরে পুরুষদের ফ্যান্টাসি করার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি আগের মতো থাকলে কি চলত? সময়ের সাথে নিজেকে না বদলালে ২৫ বছর টিকে থাকা সম্ভব হতো না।”
রাজনীতিতে নাম লেখানোর প্রস্তাব পেলেও স্বস্তিকা সেই পথে আগ্রহী নন। লন্ডনে থাকা মেয়ে অন্বেষার প্রেম নিয়ে খবরও তিনি বেশি পাত্তা দেন না। মা-মেয়ে দুজনেই এসব খবর নিয়ে মজা করতে ভালোবাসেন। অন্বেষা এখন পিএইচডি এবং নিজের ক্যারিয়ারে ব্যস্ত।
ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু হলেও, আপাতত সেখানে ফেরার কোনো পরিকল্পনা নেই। তবে পরিচালক দেবের পর আবার জিতের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments