Image description

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থানরত অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে শোকাহত জাহের আলভী লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে আমি কথা বলার মতো অবস্থায় নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

স্ত্রীর অকাল মৃত্যুতে ভেঙে পড়া এই অভিনেতা সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় চেয়েছেন। তিনি বলেন, ‘আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই অভিনেতা। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর