Image description

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) কোনো খোঁজ মিলছে না। নেপাল থেকে রোববার রাতে তিনি দেশে ফিরেছেন বলে গুঞ্জন শোনা গেলেও পুলিশ বা সংবাদমাধ্যম—কারও সামনেই তাকে দেখা যায়নি। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, তা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে।

আলভী ও ইকরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রোববার বিকেলে জাহের আলভী নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, তিনি বিমানবন্দরের ভেতরে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং পরবর্তীতে একজনের মধ্যস্থতায় বেরিয়ে যান। এরপর থেকেই আলভীর ব্যক্তিগত ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকসহ সকল যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে।

এর আগে রোববার দুপুরে নেপাল থেকে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আলভী জানিয়েছিলেন, তিনি সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরবেন এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি পরিষ্কার করবেন। কিন্তু দেশে ফেরার পর থেকেই তিনি রহস্যজনকভাবে গা ঢাকা দিয়েছেন। আলভীর ঘনিষ্ঠজনদের মতে, এভাবে পালিয়ে না থেকে তার উচিত ছিল আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া।

উল্লেখ্য, আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এজাহারে গত দুই বছর ধরে ইকরার ওপর অবহেলা ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আলভী নেপাল থেকে দেশে ফেরার খবরের বিষয়ে তিনি বলেন, "তার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে সতর্ক করেছি যাতে অভিযুক্ত আসামি দেশে প্রবেশের পরপরই তাকে আইনের আওতায় আনা যায়।"

মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, "একবার শোনা যাচ্ছে তিনি দেশে এসেছেন, আবার শোনা যাচ্ছে আসেননি। বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে আমাদের তদন্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।"

মানবকণ্ঠ/আরআই