Image description

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনা ঘিরে পরকীয়াসহ নানা অভিযোগের মুখে যখন অভিনেতা বিদ্ধ, ঠিক তখনই স্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট করেছেন তিনি। তবে এই পোস্টটি নেটিজেনদের মাঝে সহানুভূতির বদলে উল্টো তীব্র সমালোচনা ও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া ওই পোস্টে আলভী স্ত্রীকে ‘ইকলি’ সম্বোধন করে লিখেছেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত? তোকে টেনে হিঁচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত?’

তিনি আরও লিখেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিল তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলাখেলা! রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’

পোস্টটি প্রকাশের পরপরই সেটি ভাইরাল হয়ে যায়। তবে মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। অনেকেই আলভীর এই পোস্টকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ বা ‘আইওয়াশ’ হিসেবে আখ্যায়িত করেছেন। জনরোষ ও সমালোচনার তীব্রতা দেখে একপর্যায়ে আলভী তাঁর পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন। তবুও বিভিন্ন গ্রুপ ও পেজে পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইকরার মৃত্যুর পর থেকেই আলভীর সঙ্গে তাঁর সহকর্মী ইফফাত আরা তিথির পরকীয়া সম্পর্কের বিষয়টি সামনে আসে। ইকরার পরিবারের দাবি, তিথির সঙ্গে সম্পর্কের জেরে এবং আলভীর মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলাও দায়ের করেছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভী ও তিথিকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় থামছেই না।

মানবকণ্ঠ/আরআই