Image description

দক্ষিণী মেগাস্টার জুনিয়র এনটিআর-এর জনপ্রিয়তার জোয়ারে লণ্ডভণ্ড বেঙ্গালুরুর একটি হাসপাতাল চত্বর। গত রোববার (৮ মার্চ) ওই হাসপাতালের একটি উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব বিশৃঙ্খলা। প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে শত শত ভক্তের ভিড় একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এনটিআর হাসপাতালে পৌঁছানোর পর থেকেই ভক্তদের উন্মাদনা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত অনুরাগী প্রিয় তারকার নাম ধরে স্লোগান দিচ্ছেন এবং নিরাপত্তা বেষ্টনী ভেঙে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

বিশৃঙ্খলা এতটাই তীব্র ছিল যে, ভক্তরা হুড়োহুড়ি করে হাসপাতালের একটি চলন্ত সিঁড়িতে (এসকেলেটর) উঠে পড়েন। অতিরিক্ত মানুষের চাপে এসকেলেটরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দিতে বাধ্য হয়। সাধারণ রোগী ও হাসপাতালের নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত পুলিশ কঠোর অবস্থানে যায় এবং লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয়। পরে একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে অভিনেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেছেন। নেটিজেনদের মতে, তারকাদের উপস্থিতিতে জনসমাগম নিয়ন্ত্রণে আরও কঠোর ও সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল।

মানবকণ্ঠ/আরআই