পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পর পরকীয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে এ জিডি করেন অভিনেত্রী।
তিথি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হচ্ছেন তিনি। পাশাপাশি পরিবার ও নিজেকে নিয়ে অকারণে কারো অপমানজনক বক্তব্য তিনি আর নিতে পারছেন না। বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেয়াসহ তার ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে নিয়মিত। এমনকি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেয়া হচ্ছে তাকে।
তাই নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। তিথি বলেন, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেয়া হয়েছে।
তিথি আরও বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেবো না।
ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।




Comments