ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। পর্দায় যার মায়াবী হাসি আর অভিনয় প্রতিভা দর্শককে মুগ্ধ করে রাখে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ ছিল না। দীর্ঘদিনের সেই লুকোচুরি আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূজা নিজেই জানালেন বড় খবর। তিনি আর ‘সিংগেল’ নন, বরং জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে ইতোমধ্যেই ‘এনগেজড’।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা চেরি তার ব্যক্তিগত জীবনের এই গোপন অধ্যায় প্রকাশ্যে আনেন। তিনি বলেন, “আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।”
পূজার হবু জীবনসঙ্গী কে? এই প্রশ্ন আসতেই তিনি সাফ জানিয়ে দিলেন, তার পছন্দের মানুষটি মিডিয়ার কেউ নন। পূজা বলেন, “তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নেই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি ব্যক্তিগত জীবনে বিশ্বাস করতে পারি না।”
ভবিষ্যতের সংসার জীবন নিয়ে নিজের অত্যন্ত স্পষ্ট ও আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন পূজা। তিনি চান না তার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো অনাকাঙ্ক্ষিত শব্দ আসুক। পূজা বলেন, “আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক শ্রম আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।”
বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করে তিনি বলেন, “আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।”
ব্যক্তিগত জীবনের সুসংবাদের পাশাপাশি পেশাদার জীবনেও পূজা চেরির ব্যস্ততা এখন তুঙ্গে। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই ঢালিউড সুন্দরী।
মানবকণ্ঠ/আরআই




Comments