রাজবাড়ীতে আবারও রক্ত ঝরল মহাসড়কে। চালককে পাশে বসিয়ে ট্রাক চালানোর খেসারত দিতে হলো প্রাণ দিয়ে। রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজীব হোসেন (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের মূল চালকও গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রাকের মূল চালক স্টিয়ারিংয়ে না থেকে পাশে বসে ছিলেন এবং তার সহকারী (হেলপার) সজীব ট্রাকটি চালাচ্ছিলেন। ট্রাকটি কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে একটি অন্য পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেলিং ভেঙে সরাসরি খাদে পড়ে যায়। এতে ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
আহত ট্রাকচালক স্বীকার করেছেন যে, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন এবং একটি গাড়িকে পাশ দিতে গিয়েই এই বিপত্তি ঘটে।
খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ জানান, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিপুণ চালক ছাড়া মহাসড়কে অনভিজ্ঞ হেলপারের হাতে স্টিয়ারিং তুলে দেওয়ার এই প্রবণতা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অকালে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় সজীবের পরিবারে বইছে শোকের মাতম।
মানবকণ্ঠ/আরআই




Comments