লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস—সবখানেই এখন ‘গ্লোবাল স্টার’ প্রিয়াঙ্কা চোপড়ার জয়জয়কার। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’-এর মঞ্চে উপস্থাপক হিসেবে হাজির হয়ে আবারও বিশ্ববাসীর নজর কেড়েছেন ভারতের এই ‘দেশি গার্ল’। তবে এবারের অস্কারে তিনি শুধু তাঁর গ্ল্যামার দিয়েই নয়, বরং ফিলিস্তিনকে মুক্ত করার দাবিতে দেওয়া সাহসী বক্তব্য এবং কোটি টাকার হিরের নেকলেস দিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।
রোববার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সাদা অফ-শোল্ডার গাউনে যখন প্রিয়াঙ্কা পা রাখলেন, সবার চোখ আটকে গেল তাঁর গলায় থাকা সর্পিল হারের ওপর। বিলাসবহুল ব্র্যান্ড ‘বুলগারি’র তৈরি এই ‘সার্পেন্টি ইলুসিও হাই জুয়েলারি নেকলেস’টি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৩০০ ঘণ্টা। অত্যন্ত নিপুণ কারুকার্যে তৈরি এই হারটি প্রিয়াঙ্কার গলার চারপাশে অনেকটা বর্মের মতো শোভা পাচ্ছিল।
এই বিশেষ নেকলেসটিতে ব্যবহার করা হয়েছে ১৪ ক্যারেট মাদাগাস্কারের বিরল নীলকান্তমণি (Sapphire)। এছাড়াও রকমারি হিরে, বহুমূল্যের পান্না ও গোমেদের ছোঁয়ায় হারটি হয়ে উঠেছে অনন্য। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, প্রিয়াঙ্কার এই সর্পিল প্যাটার্নের প্রতি বিশেষ টান অনেক পুরোনো, তবে অস্কারের মঞ্চে এটি নতুন এক আভিজাত্য যোগ করেছে।
অস্কারের মঞ্চে একজন নামী স্প্যানিশ অভিনেতার পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা যখন নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন, তখন করতালিতে মুখর হয়ে ওঠে ডলবি থিয়েটার। মূল অনুষ্ঠানের পর আফটার পার্টিতেও প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসকে ঘিরে ছিল আলোকচিত্রীদের ভিড়। সেখানে রুপালি শিমারি গাউন আর লম্বা পশমের ভেইলে সম্পূর্ণ নতুন এক লুকে ধরা দেন তিনি।
ব্যক্তিগত ফ্যাশন সচেতনতা আর বিশ্ব রাজনীতির সংবেদনশীল ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করে অস্কারের এই আসরে প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments