চারদিকে বইছে ঈদের আমেজ, আর সেই আনন্দকে দ্বিগুণ করতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নিয়ে মুক্তির আগে থেকেই দর্শকদের মাঝে ছিল তুঙ্গে থাকা কৌতূহল। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সেই কৌতূহলের প্রতিফলন দেখা গেছে।
বিএমআর (বক্স অফিস রেকর্ড)-এর দেওয়া তথ্যমতে, স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও ই-টিকেটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি দুর্দান্ত সূচনা করেছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘প্রিন্স’।
প্রাপ্ত হিসাব অনুযায়ী, গতকাল লায়ন সিনেমাস (৫টি শো), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (২টি শো), মন ইন (৪টি শো), মনিহার সিনেপ্লেক্স (৪টি শো), মধুবন সিনেপ্লেক্স (৪টি শো), শ্যামলী (৪টি শো), সিনেস্কোপ (৪টি শো) এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৪টি শো) মিলিয়ে সিনেমাটির মোট ৩১টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৩১টি শো’র মধ্যে ২৬টি শো-ই ছিল সম্পূর্ণ ‘হাউজফুল’। এছাড়া একটি শো ছিল অলমোস্ট ফুল। দিন শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৯ লাখ টাকা।
শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল মারপিট বা অ্যাকশন নির্ভর নয়, বরং মেজবাহ উদ্দিন সুমনের নিখুঁত চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার চেনা রোমান্টিক বা অ্যাকশন হিরোর ছক ভেঙে ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন এক মোড় নিয়েছেন বলে মনে করছেন সমালোচকরা।
বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে নজর কেড়েছেন তসনিয়া ফারিণ। ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজের মতো শক্তিমান অভিনেতারা। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের ছুটিতে সামনের দিনগুলোতে ‘প্রিন্স’-এর আয়ের গ্রাফ আরও উর্ধ্বমুখী হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments