Image description

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক, মেগাস্টার শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। জীবনের ৪৭তম বসন্তে পা দিলেন এই কিং খান। বিশেষ এই দিনটিতে ভক্তদের জন্য এক দারুণ চমক নিয়ে হাজির হলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের ফেসবুক পেজে আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম লুক প্রকাশ করেছেন শাকিব। পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রিয় দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের বিশেষ ট্রিট।’

প্রকাশিত পোস্টারে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও আধুনিক এক অবতারে। খোলা রাস্তায় বসে থাকা লুকে ফুটে উঠেছে এক রুদ্র, বিদ্রোহী ও স্টাইলিশ ব্যক্তিত্ব। স্লিভলেস কালো পোশাক, হাঁটুর কাছে ছেঁড়া থ্রি কোয়ার্টার প্যান্ট এবং পায়ে লাল স্নিকার্সে তাকে বেশ ‘রাফ অ্যান্ড টাফ’ দেখাচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু, গলায় লম্বা চেইন এবং মাথার জটপাকানো চুল তার ‘রকস্টার’ ইমেজকে শতভাগ সার্থক করেছে।

প্রায় ২৭ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি নিয়মিত গিটার বাজানোও শিখেছেন। সিনেমার গল্প ও নির্মাণশৈলীতে নতুনত্বের ছোঁয়া দিতে কোনো কমতি রাখছেন না নির্মাতা।

সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো এবং চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। পরিচালক রুশো জানান, ‘শাকিব খানকে এখানে একজন আধুনিক ট্রেন্ডি রকস্টারের ভূমিকায় দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই চিন্তা থেকেই আমরা এই ক্যারেক্টার ডিজাইন করেছি।’

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। এছাড়া দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত তানজিয়া জামান মিথিলা। দুই যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা শাকিবের এই নতুন রূপ ভক্তদের মাঝে ইতিমধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এই সিনেমার মাধ্যমে শাকিব খান নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

মানবকণ্ঠ/আরআই