Image description

বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর টু’। মুক্তির মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে আয়ের নতুন ইতিহাস তৈরি করেছে ছবিটি। বিশ্বব্যাপী দেড় হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়ে এখন ১ হাজার ৬০০ কোটির দিকে চোখ আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারের।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৪ কোটি ৩০ লাখ রুপি। আয়ের এই বিশাল অংকের মাধ্যমে ছবিটি ইতোমধ্যেই ‘দাঙ্গাল’, ‘বাহুবলী টু’ এবং ‘পুষ্পা টু’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলোর কাতারে নিজের নাম লেখাল। বিশেষ করে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি ছবির সম্মিলিত আয় এখন ২ হাজার ৮৭১ কোটি ৬৫ লাখ রুপি, যা ভারতের জনপ্রিয় ‘বাহুবলী’ বা ‘পুষ্পা’ সিরিজের মোট আয়কেও ছাড়িয়ে গেছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির ১৭তম দিনে ভারতে ছবিটির আয় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ রুপি। বর্তমানে কেবল ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে সংগ্রহ করেছে ৩৮৫ কোটি রুপি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও দর্শকদের মাঝে ব্যাপক ক্রেজ তৈরি করেছে ছবিটি। মুক্তির মাত্র ১১ দিনেই এটি সিরিজের প্রথম কিস্তির আয়কে টপকে যায়। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯ হাজার ৯৭৯টি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবির মূল আকর্ষণ রণবীর সিংয়ের অসাধারণ অভিনয়। গল্পের কেন্দ্রে রয়েছেন পাঞ্জাবি যুবক জসকিরত সিং রাঙ্গি, যিনি ব্যক্তিগত ট্র্যাজেডির পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর দুর্ধর্ষ এজেন্ট ‘হামজা আলী মাজারি’ হিসেবে আত্মপ্রকাশ করেন। গল্পের ভাঁজে ভাঁজে উঠে এসেছে ২০১৪ সালের ভারতের জাতীয় নির্বাচন এবং ২০১৬ সালের নোটবন্দির মতো ঐতিহাসিক ঘটনাপ্রবাহ।

ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত ও অর্জুন রামপালের অভিনয় সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বক্স অফিসের এই সাফল্যের ধারা অব্যাহত থাকলে ছবিটি আরও বড় রেকর্ড গড়বে বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই