শোবিজ অঙ্গনে তারকাদের নিয়ে আলোচনা আর সমালোচনা—দুটিই যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে নেতিবাচক মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন অভিজ্ঞতা, উপস্থাপনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি নতুনভাবে উপস্থাপনায় আসার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, তিনি জানতেন না দর্শকরা ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাবে। তবে তার মতে, নেতিবাচক মন্তব্যকারীর সংখ্যা খুবই নগণ্য। ভাবনা বলেন, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২ শতাংশ মানুষ বাজে কথা বলবেই। আপনি তো কাউকে ১০০ শতাংশ খুশি করতে পারবেন না। তার জন্য কি আমি হাত-পা গুটিয়ে বাসায় বসে থাকব? নতুন অভিজ্ঞতা নেব না? অবশ্যই নেব।’

সমালোচনার চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তিনি জানান, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন এবং সেই ইতিবাচক প্রতিক্রিয়াই তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে। ভাবনা বলেন, ‘বেশি সংখ্যক মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন। নতুন একটি কাজের সুযোগ পেয়েছি, আমি কেন করব না?’

ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছের কথা জানিয়ে মজার ছলে ভাবনা বলেন, তিনি একদিন দেশের প্রধানমন্ত্রীরও সাক্ষাৎকার নিতে চান। যেকোনো নতুন কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করেন তিনি। উদাহরণ টেনে ভাবনা বলেন, ‘যদি কোনো চরিত্রের জন্য বাইক চালানো শেখার প্রয়োজন হয়, আমি সেটাও শিখব। উপস্থাপনাটাও আমার জন্য তেমনই এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।’

সবশেষে ভাবনা স্পষ্ট করে দিয়েছেন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, তবে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে নিরন্তর কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য।
মানবকণ্ঠ/আরআই




Comments